পরিবারের সব সদস্য ভ্যাকসিন না নিলে চীনে আগামী সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের স্কুলে ফিরতে দেওয়া হবে না। দেশটির কয়েকটি প্রদেশের আঞ্চলিক সরকার এরই মধ্যে সিদ্ধান্তটি নিয়েছে। কয়েকটি শহর কর্তৃপক্ষও বলছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা না নিলে তাকে হাসপাতাল বা সুপারমার্টের মতো পাবলিক ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, চীনে সম্প্রতি ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য সিনোভ্যাকের করোনা টিকাকে অনুমোদন দেওয়া হয়।
চলতি বছরের মধ্যে চীন সরকার তাদের দেশের ৬৪ শতাংশ মানুষকে টিকা দিতে চায়। ফ্রান্স এবং গ্রিসেও কিছু খাতের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। ভ্যাকসিন না নিলে কিছু জায়গায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সম্প্রতি চীনের গুয়াংজি প্রদেশের বেলিউ শহর কর্তৃপক্ষের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার সন্তানের স্কুলে ফেরাকে যদি আপনি বাধাগ্রস্ত করতে না চান তাহলে যারা এখনো ভ্যাকসিন নেননি দ্রুত নিয়ে নিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব বয়সী শিক্ষার্থীর জন্য এই শর্ত প্রযোজ্য।
জিয়াংজি ও হেনান প্রদেশ সহ অন্য অনেক প্রদেশের স্থানীয় সরকার কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে বলেছে, যাদের পরিবারের সব সদস্য ভ্যাকসিন নিয়েছে শুধু তাদের স্কুলে ঢুকতে দেওয়া হবে। ইতোমধ্যে হ্যানচেং ও শাংজি প্রদেশে ঘোষণা করা হয়েছে, ভ্যাকসিন না নিলে তাদের হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
কঠোর নিয়ম কার্যকর হওয়ার আগে নির্ধারিত একটি সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিন নিয়ে নিতে বলা হয়েছে। অধিকাংশ জায়গায় জুলাইয়ের মধ্যেই সবাইকে ভ্যাকসিন নিতে নির্দেশ দেওয়া হয়েছে।